ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক পরিবর্তন

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৪, ২০:৩৪
 
 
 
 
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পর্যবেক্ষক পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ জানুয়ারি থেকে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগের মহাব্যবস্থাপক মো. ইস্কান্দার মিয়াকে নতুন পর্যবেক্ষক করা হয়েছে। এ ব্যাংকের পর্যবেক্ষক ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম। এ বিষয়ে ইসলামী ব্যাংককে অবহিত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, মো. ইস্কান্দার মিয়া নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি পর্যবেক্ষক হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি ও অডিট কমিটির প্রতিটি সভায় উপস্থিত থেকে আলোচ্য বিষয়ের ওপর কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে মতামত ও বক্তব্য পেশ করবেন। তার দায়িত্ব পালনের সুবিধার্থে সভা অনুষ্ঠানের অন্তত তিন দিন আগে সভার আলোচ্য সূচি ও স্মারকসহ প্রয়োজনীয় কাগজপত্র ইস্কান্দার মিয়ার কাছে পাঠানোর জন্য ব্যাংককে নির্দেশ দেয়া হয়েছে।
সাধারণত কোনো ব্যাংকের আর্থিক অবস্থার অবনতি হলে বা পরিচালনা পর্ষদে দ্বন্দ্ব থাকলে সে ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেয়া হয়। তবে ইসলামী ব্যাংকে সে ধরনের কোনো সমস্যা না থাকলেও ওই ব্যাংকের বিরুদ্ধে জঙ্গি অর্থায়নের অভিযোগ ওঠালে ২০১০ সাল থেকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।