ব্যাংক হলিডে: লেনদেন বন্ধ থাকবে বুধবার

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৪, ১৬:১২
 
 
 
 
ব্যাংক হলিডে উপলক্ষে বছরের শেষ দিন বুধবার ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে।  তবে এ দিন বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখা খোলা রাখা হবে।
সংশ্লিষ্টরা জানান, ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো বার্ষিক আর্থিক হিসাব শেষ করে। এই দিন বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে বার্ষিক আর্থিক হিসাব বিবরণী বা ব্যালান্স শিট প্রস্তুত করা হয়। হিসাব মেলাতে ব্যস্ত কর্মকর্তারা কোনো ধরনের লেনদেন করেন না।
প্রতিবছরের ৩১ ডিসেম্বর এবং ১ জুলাই ব্যাংকগুলো ব্যাংক হলিডে পালন করে। ৩০ জুন অর্ধ-বার্ষিক ব্যালেন্স শিট প্রস্তুতে পর ১ জুলাই আর লেনদেন করা হয় না। তবে ৩১ ডিসেম্বর সব শাখা খোলা রাখা হলেও ১ জুলাই বেশির ভাগ শাখা বন্ধ থাকে। সে দিন শুধু যেসব শাখার হিসাব শেষ হয় না, সেসব শাখা এবং আঞ্চলিক ও প্রধান কার্যালয় খোলা থাকে।