ঢাবি ক্যাম্পাসে মদ বিক্রির বিজ্ঞাপন, আটক ৩

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৪, ০১:০৬

ক্যাম্পাসে বিজ্ঞাপন দিয়ে মদ বিক্রির সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ তিন জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে কর্তৃপক্ষ। এই তিন জনের মধ্যে আশিকুর রহমান আরিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। সে মুহসীন হলের ৪৩৬ নম্বর রুমে থাকে।

বাকি দুজন হলেন- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান ও বিবিএর তৃতীয় বর্ষের শিক্ষাথী শুভ পাল।
মঙ্গলবার রাত ১০টার দিকে মুহসিন হলের মাঠে মদ বিক্রির সময় ওই তিনজনকে হাতেনাতে আটক করে এফ রহমান হলের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বলেন, তারা মদের বিজ্ঞাপনসম্বলিত লিফলেট বিতরণ করছিল। পরে শিক্ষার্থীরা হাতেনাতে আটক করেছে।
“তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাডেমিক ব্যবস্থা নেওয়া হবে।”
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, দিনের বেলা থার্টি ফাস্ট নাইট উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্পট ও হলে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের মদ বিক্রির লিফলেট বিলি করা হয়। এতে তিনটি ফোন নম্বর দেওয়া হয় এবং তাদের কাছে বিভিন্ন ব্রান্ডের মদ পাওয়া যায় বলে উল্লেখ করা হয়।
এএফ রহমান হলের এক শিক্ষার্থী ক্রেতা সেজে একটি নম্বরে ফোন দিলে তারা তাকে মুহসীন হলের মাঠে আসতে বলে। এসময় হলের কয়েকজন শিক্ষার্থী মাঠের বিভিন্ন জায়গায় অবস্থান নেয়।
পরে তারা ওই তিনজনকে আটক করলে প্রক্টর এসে তাদেরকে শাহবাগ থানায় সোর্পদ করেন।