ভেনিজুয়েলার মেরিডা শহরের আইসক্রিম খুবই জনপ্রিয়। এখানে এসে পর্যটকরা বলতে গেলে আইসক্রিম না খেয়ে পারেন না। বর্তমানে সেই শহরে আইসক্রিম সংকট দেখা দেয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে সরকার এই সংকটের কথা নাকচ করে দিয়েছে।
গণমাধ্যমে জানানো হয়, আইসক্রিম সংকটের মূল কারণ দুধ। মেরিডা শহরের কোরোমোতো নামের দোকানে ৮৫০ প্রকার স্বাদের আইসক্রিম পাওয়া যায়। মদের স্বাদ থেকে শুরু করে শিমের স্বাদের আইসক্রিমও পাওয়া যায় এই দোকানে। গত ২৬ ডিসেম্বর ফেসবুকে দোকানটির এক বিবৃতিতে জানানো হয়, দুধের সংকটে আইসক্রিম উত্পাদন বন্ধ করতে হচ্ছে। আর এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে সরকার। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, দুধের সংকটের কোনো কারণ নেই। কারণ স্থানীয় আইসক্রিম দোকানগুলো এখনো চলছে। দেশটির বেশিরভাগ পণ্য আমদানি করতে হয়। বিশেষ করে কর্ণ ওয়েল এবং গুঁড়ো দুধের স্বল্পতা রয়েছে। সমালোচকরা বিভিন্ন পণ্যের সংকটের জন্য সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অব্যবস্থা-পনাকে দায়ী করেছেন। -বিবিসি
