কুমিল্লার চৌদ্দগ্রামে অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। এসময় তিনজনকে আটক কার হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার আলকরা গ্রাম থেকে এগুলো উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- আলকরা গ্রামের আবু তাহেরের পুত্র আবদুল লতিফ (১৮), তার মা মানিক ধন (৪৭) ও ওমর আলীর পুত্র ফারুক (৩২)।
জানা যায়, রাত দুইটার দিকে উপজেলার আলকরা ইউনিয়নের আলকরা গ্রামের আবদুল লতিফ ও ফারুকের বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায়। এসময় একটি কাটা রাইফেল, তিনটি বিভিন্ন সাইজের একনলা বন্দুক, একটি এলজি, দুই রাউন্ড এলজির গুলি, দুইটি চাপাতি, একটি ছেনি, তিনটি ককটেল ও ৩০টি পেট্রোল বোমা উদ্ধার করে। এসময় তিনজনকে আটক করা হয়।
চৌদ্দগ্রাম থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী জানান, আটককৃতরা একটি সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
