উত্তরপ্রদেশে 'পিকে' কর মুক্ত

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৪, ১৭:০৯
 
হিন্দু মৌলবাদী সংগঠনগুলোর বিরোধিতার মধ্যেই ভারতের উত্তরপ্রদেশে আমির খানের সর্বশেষ সিনেমা 'পিকে' কে করমুক্ত করল রাজ্যটির সরকার। মৌলবাদী সংগঠনগুলোর দাবি আমলে না নিয়ে ছবিটির সমর্থনে এগিয়ে এলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তার দল সমাজবাদী পার্টির অপর নেতা গৌরব ভাটিয়া বলেন, 'পিকে ছবিটিতে সব ধর্মের মানুষের জন্য অসাধারণ বার্তা দেয়া হয়েছে। একারণেই ছবিটিকে করমুক্ত করা হয়েছে।
এছাড়াও ছবিটির বিরুদ্ধে তদন্তের দাবিকে নাকচ করে দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। এর আগে তিনি জানিয়েছিলেন, পিকে ধর্মীয় ভাবাবেগে আঘাত করে থাকলে তা নিয়ে তদন্ত করা হবে। কিন্তু বুধবারই ঐ কথা নাকচ করে দেন তিনি। তিনি বলেন, সেন্সরবোর্ড ছবিটিকে ছাড়পত্র দিয়েছে, তাই ছবিটির প্রদর্শনী বন্ধ করার প্রশ্নই ওঠে না।
১৯ ডিসেম্বর মুক্তি পায় বহুল আলোচিত ছবি পিকে। ইতিমধ্যেই ২৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে রাজ কুমার হিরানি পরিচালিত ছবিটি। সূত্র: এনডিটিভি