প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ বিমান বাহিনীকে আরো শক্তিশালী ও একটি দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে পাঁচটি নতুন এমআই-১৭১ হেলিকপ্টার, নয়টি বেসিক ট্রেনিং এবং ষোলটি কমবেট ট্রেনিং এয়ারক্রাফ্ট সংযোজন করা হবে। আওয়ামী লীগ সরকার সব সময়ে বাংলাদেশ বিমান বাহিনীর এবং এই বাহিনীর সদস্যদের উন্নয়নে গুরুত্ব দিয়েছে। আমরা বিএএফ’র উন্নয়ন অব্যাবহত রাখতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ।’
বুধবার সকালে এখানে বিএএফ একাডেমীতে বাংলাদেশ বিমান বাহিনীর (বিএএফ) ফ্লাইট ক্যাডেট কোর্সের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে ভাষণ প্রদানকালে প্রধানমন্ত্রী একথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। তিনি অনুষ্ঠানে ফ্লাইট ক্যাডেটদের মধ্যে ট্রফি, সনদপত্র ও ফ্লাইং ব্যাচ হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, বর্তমান সরকার পাঁচটি নতুন এমআই-১৭১ হেলিকপ্টার, নয়টি বেসিক ট্রেনিং এয়ারক্রাফ্ট, তিনটি ট্রান্সপোর্ট ট্রেনিং এয়ারক্রাপ্ট, দু’টি মেরিটাইম সার্স ও রেসক্যু হেলিকপ্টার ও ১৬ কমবেট ট্রেনিং এয়ারক্রাফ্ট ক্রয়ে চুক্তি স্বাক্ষর করেছে। তিনি বলেন, শিগগির এই সকল সামরিক যান বিমান বাহিনীতে সংযুক্ত হবে।
খবর বাসসের।
