গুয়ানতানামো থেকে আরো ৫ বন্দির মুক্তি

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৪, ১৯:০৯
 
 
 
 
কিউবার গুয়ানতানামো বে কারাগারে কোনো অভিযোগ ছাড়াই দীর্ঘ এক দশকেরও বেশি সময় বন্দি থাকার পর পাঁচজনকে মুক্ত করেছে মার্কিন সরকার। তাদের পুনর্বাসনের জন্য কাজাকিস্তানে পাঠানো হয়েছে বলে স্থানীয় মঙ্গলবার পেন্টাগন জানিয়েছে। খবর আল-জাজিরার।
মুক্তি পাওয়া ৫ জনের মধ্যে ২ জন তিউনেসিয়া ও বাকি ৩ জন ইয়েমেনের নাগরিক। এর হলেন— তিউনেসিয়ার আদেল আল হাকিমি (৪৯) ও আব্দুল্লাহ বিন আলি আল লুতফি (৪৮) এবং ইয়েমেনের আসিম থাবিত আব্দুল্লাহ আল খালাকি (৪৬), মোহাম্মদ আলী হোসাইন খানায়া (৩৬) ও সাবরি মোহাম্মদ আল কোরাইশি (৪৪)। শসস্ত্র জঙ্গি গ্রুপ আল-কায়েদার সাথে সংশ্লিষ্টতা রয়েছে এই সন্দেহে পাকিস্তান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছিল। পেন্টাগন জানিয়েছে, গুয়ানতানামোয় মার্কিন নৌ ঘাঁটিতে আটক থাকা ৫ জনের ওপর পর্যালোচনা করার পর সর্বসম্মতিক্রমে তাদের মধ্য এশিয়ার দেশ কাজাকিস্তানে স্থানান্তরের বিষয়টি অনুমোদন করা হয়। তাদের নিজেদের দেশে না পাঠানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি। তবে ইয়েমেনে চলমান অস্থিতিশীলতা এবং জঙ্গি কার্যক্রমের কারণে ইয়েমেনিদের সেখানে পাঠাতে ইচ্ছুক নয় মার্কিন সরকার।