বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘হরতালে সাড়া না পেয়ে বিএনপি পশ্চাদপদসরন করেছে। আমার বিশ্বাস জানুয়ারিতে শুধু বিএনপি নয় এর অঙ্গসংগঠনগুলোও সহিংস কোনো আন্দোলনের ডাক দেবে না। জানুয়ারি মাসে রাজনৈতিক অস্থিরতা হবে না।’
বুধবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে ২০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে আয়োজিত এক সংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আজকের হরতালেও ট্রাফিক সিগনালে আটকে ছিলেন উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ ও ব্যবসায়ীরা এখন অনেক সচেতন, তারা আর হরতাল চায় না। এখন আর হরতাল হয় না। বিএনপি’র গত পরশু দিনের হরতালে মানুষ সাড়া দেয়নি। এতে বিএনপি প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা লাভ করেছে। তারা বুঝতে পেরেছে হরতাল দিয়ে কোনো লাভ হবে না।’
