আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বুধ ও বৃহস্পাতিবার জামায়াতের ডাকা হরতালে বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রত্যক্ষ মদদ আছে। যুদ্ধপরাধীদের বাঁচাতেই তিনি জামায়াতকে দিয়ে হরতাল ডাকিয়েছেন। তবে হরতাল ডেকে নৈরাজ্য সৃষ্টি করে দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার ক্ষমতা তাদের নেই।
বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত হরতালের বিরুদ্ধে আয়োজিত এক প্রতিবাদে সমাবেশে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াত হরতাল ডেকে দেশকে আবারো অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা আবারো পেট্রোল বোমা হামলা শুরু করেছে। তিনি বলেন, ৫ জানুয়ারি খালেদা জিয়া নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছে তার মাশুল দিতেই একের পর এক হরতাল ডাকছে তারা। তবে তাদের ডাকা হরতালে সাড়া মিলছে না।
হাছান মাহমুদ বলেন, জামায়াত যে হরতাল ডেকেছে তা আদালত অবমাননার শামিল। তাই আদালত স্বপ্রণোদিত হয়ে এসব দলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটে সহসভাপতি ও অভিনেতা এ টি এম শামছুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ খ ম মোজ্জাম্মেল হক, আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সালাম গোলাপ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
