পরিবারসহ সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৪, ২২:০৪
 
 
 
 
প্রায় সাড়ে ৫৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পরিবারের সদস্যসহ মেজর জেনারেল (অব.) জালাল উদ্দীন আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বনানী থানায় দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় আসামীরা হলেন, ধারা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি এবং সাবেক মেজর জেনারেল (অব.) জালাল উদ্দীন আহমেদ, সহ-সভাপতি আলিয়া ফাতেমা (জালালের স্ত্রী), সাধারণ সম্পাদক তালহা আহমেদ (জালালের ছেলে) ও যুগ্ম-সম্পাদক রাদিয়া আহমেদ (জালালের মেয়ে)।
মামলার এজাহারে বলা হয়েছে, জালাল উদ্দীন আহমেদ বাংলাদেশ সেনাবাহিনী থেকে ২০০৩ সালের ৩১ ডিসেম্বর অবসর গ্রহণ করেন। পরবর্তী সময়ে তিনি ও তার স্ত্রী আলেয়া ফাতেমা ধারা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে সমবায় ব্যবসা শুরু করেন। ২০০৫ সালের ১৭ জুলাইয়ে এটি নিবন্ধিত হয় ও রাজধানীর বনানীর ব্লক সি, সড়ক নম্বর-১৭, ইউএই মৈত্রী কমপ্লেক্সের ৪/এফ-২ নম্বর অ্যাপার্টমেন্টে যাত্রা শুরু করে।
মেজর জেনারেল (অব.) জালাল উদ্দীন আহমেদ গ্রাহকদের আশ্বাস দেন, মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের অনুকূলে এফডিআরের মাধ্যমে টাকা রাখলে কেউ কখনো ক্ষতিগ্রস্ত হবে না। এমন আশ্বাসের ভিত্তিতে প্রতি লাখে দুই হাজার টাকা লাভের আশায় জালাল উদ্দীন আহমেদের কাছে গ্রাহকরা আমানত রাখেন। এভাবে তিনি ১ হাজার ৪৪৯ জন বিনিয়োগকারীর মোট ৫৯ কোটি ৩৯ লাখ ১ হাজার ৪৫৪ টাকা ওই মাল্টিপারপাসের নাম রশিদের মাধ্যমে জমা নেন। কিন্তু উক্ত সোসাইটির নামের ব্যাংক হিসাবে কোনো অর্থ জমা না দিয়ে প্রতারণামূলকভাকে তা আত্মসাত্ করে পরবর্তী সময়ে তিনি যুক্তরাষ্ট্রে বসবাসরত ছেলে ও মেয়ের কাছে এ অর্থ পাচার করেন।
দুদকের অনুসন্ধানে বিষয়টি প্রমাণিত হওয়ায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।