বছরের শেষ দিনে নিরুত্তাপ হরতাল

আপডেট : ০১ জানুয়ারি ২০১৫, ০০:৫৪

রাজধানীসহ সারাদেশে জামায়াতের ডাকা দু’দিনের হরতালের প্রথম দিন অতিবাহিত হয়েছে। গতকালের হরতালে তেমন প্রভাব পড়েনি রাজধানীর জনজীবনে। রাজপথের অধিকাংশ এলাকায় হরতাল আহ্বানকারীদের দেখা না মিললেও শতাধিক স্থানে হরতালবিরোধী মিছিল সমাবেশের মাধ্যমে রাজপথে সরব ছিল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।  সকালের দিকে গণপরিবহন চলাচল কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে তা স্বাভাবিক হয়ে যায়। নগরীর অধিকাংশ দোকানপাট ছিল খোলা। ব্যাংকে লেনদেন হয়েছে। বিমান ও ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও রাজধানী থেকে দূরপাল্লার রুটে কোন বাস ছেড়ে যায়নি। আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও র্যাবের পাশাপাশি নগরীর বিভিন্ন স্থানে মোতায়েন ছিল বিজিবি।

একাত্তরে গণহত্যার দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারের ফাঁসির আদেশের প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার এ হরতাল আহ্বান করে জামায়াত। হরতালের সমর্থনে সকাল ৯টার দিকে গেন্ডারিয়া এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা ঝটিকা মিছিল বের করে   শাহ সিমেন্টের একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে হরতাল সমর্থনকারীরা পালিয়ে যায়।

সকাল সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ি রায়েরবাগ এলাকায় ঝটিকা মিছিল শেষে গাড়ি ভাঙচুর ও ৩/৪ টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায় হরতাল সমর্থনকারীরা। প্রায় একই সময়ে রাজধানীর পল্লবী এলাকাতেও কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।