ভারতের মুম্বাইতে পুলিশ কর্তৃপক্ষ এক অদ্ভুত ফরমান জারি করে জানিয়েছে, বর্ষবরণের রাতে শহরের কোনো বার বা পানশালায় মদ্যপান করার পর কেউ যদি রাস্তায় মাতাল হয়ে গাড়ি চালান তার দায় সেই বার মালিককেও নিতে হবে।
পুলিশ কর্তারা হুমকি দিয়েছেন, এরকম হলে বারের লাইসেন্সও বাতিল করা হতে পারে, যদিও বার মালিকদের বক্তব্য-এমন আজগুবি নির্দেশ বাস্তবায়ন করা সম্ভব নয়। মুম্বাইয়ের বারে যাদের নিয়মিত যাতায়াত তারাও এই নির্দেশের মাথামুণ্ডু কিছুই বুঝছেন না। মুম্বাই শুধু বাণিজ্যিক রাজধানী নয়, শহরের চৌপাট্টি সৈকত, কোলাবা, জুহু বা বান্দ্রাতে নানা বাজেটের পানশালাগুলোকে ভারতের পার্টি ক্যাপিট্যালও বলা যেতে পারে। গতকাল ৩১ ডিসেম্বর ছিল বর্ষশেষের বা বর্ষবরণের রাতেই সেই আনন্দ-ফুর্তির তুঙ্গস্পর্শী ক্লাইম্যাক্স, যার অবিচ্ছেদ্য অঙ্গ হল অফুরন্ত মদের ফোয়ারা। মুম্বাই পুলিশের যুগ্ম-কমিশনার বি কে উপাধ্যায় বলেছেন, লোকজন যখন কোনো বার বা হোটেলে দেদারছে মদ খেয়ে বাইরে এসে আবার স্টিয়ারিংয়ে এসে বসছে সেটা মারাত্মক একটা অপরাধ। আমরা বার মালিকদের তাই বলেছি, তোমরা এখানে চোখ বন্ধ করে বসে থাকতে পার না। তোমাদের গ্রাহকরা যদি এখানে অপরাধ করে, তাহলে সেই অপরাধের দায়ভার তোমাদেরও নিতে হবে। -বিবিসি
