পোশাক ও গহনায় পুতিনের মুখ

আপডেট : ০১ জানুয়ারি ২০১৫, ১১:১৯
 
মস্কো ভিত্তিক একটি ফ্যাশান ব্র্যান্ড তাদের নতুন পোশাক ও অন্যান্য ফ্যাশন সামগ্রীতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখ ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। ডিজাইন করা গহনা, পোশাক ও অন্যান্য ফ্যাশন সামগ্রী পুতিন সমর্থক ও পুতিন ভক্তদের আকৃষ্ট করবে এটাই তাদের লক্ষ্য। খবর: বিবিসির। 
পুতিনেফেস্টেহার নামে ঐ সংস্থা তাদের প্রথম ফ্যাশন সামগ্রী হিসাবে পুতিনের মুখসম্বলিত রূপার আংটি বাজারে ছেড়েছে। পুতিনেফেস্টেহার শব্দটি জার্মান এবং এর অর্থ পুতিন-সমব্যাথী।
বিবিসি মনিটরিং-এর একটি প্রতিবেদন জার্মান সম্প্রচার সংস্থা ডয়েচভেলেকে উদ্ধৃত করে বলছে ফ্যাশন ডিজাইনার গ্লেব ক্রাইনিক চান এই ব্র্যান্ড রাশিয়ার বাইরে জনপ্রিয় হোক।
লেবেলের জন্য জার্মান নাম ব্যবহার করার কারণ হিসাবে তিনি বলছেন এতে করে মানুষকে সংলাপে উদ্বুদ্ধ করা যাবে।
ক্রাইনিক আগেও রাশিয়ার হয়ে কিছু কাজ করেছেন- যেমন তিনি রাশিয়ার সরকারি সাহায্যপুষ্ট একটি যুব সংগঠনের হয়ে কাজ করেছেন।
সুইজারল্যান্ডের সংবাদপত্র নিউই জুয়েরশার জেইতুং-এর খবর অনুযায়ী ক্রাইনিক চাইছেন তার ফ্যাশন সামগ্রীকে বিশ্বব্যাপী 'তথ্যযুদ্ধের' হাতিয়ার সামগ্রী হিসাবে ব্যবহার করতে।
এই তথ্যযুদ্ধে রাশিয়া এবং বিশেষ করে প্রেসিডেন্ট পুতিনকে একটা নেতিবাচক ভাবমূর্তি দেওয়ার প্রবণতা আছে - উল্লেখ করে ক্রাইনিক সংবাদপত্রকে বলেছেন, ‘আমি চাই আমার সামগ্রীর মাধ্যমে বিশ্ব রাশিয়াকে আরো সহমর্মিতার চোখে দেখার চেষ্টা করবে।’
ফ্যাশন প্রতিষ্ঠানের তৈরি প্রথম ১০০টি আংটির সবগুলোই ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে।
প্রেসিডেন্ট পুতিনের এক ভক্ত সের্গেই মাকসিমফ জার্মান সংবাদমাধ্যমকে তার হাতে পরা আংটি দেখিয়ে বলেছেন, পুতিনকে তিনি ‘পছন্দ করেন, তাই দিনেরাতে এই আংটি তিনি পরে থাকেন।’