হরতালে শুরু নতুন বছর

আপডেট : ০১ জানুয়ারি ২০১৫, ১১:৫১
 
২০১৫ সালের প্রথম দিন বৃহস্পতিবার। নতুন এই বছরটি শুরু হয়েছে জামায়াতের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের মধ্য দিয়ে। 
তবে হরতালে রাজধানীতে তেমন প্রভাব পড়েনি। বুধবারের তুলনায় সকাল থেকেই রাস্তায় গণপরিবহনের সংখ্যা বেশি লক্ষ্ করা গেছে। তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা তুলনামূলকভাবে কম। রাজধানীর বিভিন্ন স্থানে অফিসগামীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 
নিরাপত্তার কারণে দূরপাল্লার বাসগুলো না ছাড়লেও ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।   
২০১৪ সালের শেষদিনও কেটেছে হরতালের মধ্য দিয়ে। তবে মানুষের জীবনযাত্রা মোটামুটি স্বাভাবিক ছিল। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম থাকলেও রিকশা, অটোরিকশা ও গণপরিবহণের উপস্থিতি ছিল মোটামুটি চোখে পড়ার মতো। 
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের ফাঁসির আদেশের প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় সংগঠনটি।