জাতীয় পার্টির (জেপি) মহাসচিব ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহিদুল ইসলাম বলেছেন, ‘নতুন বছরে দেশবাসীকে সুস্থ ও নতুন ধারার রাজনীতি উপহার দেবে জেপি।’ বৃহস্পতিবার জেপির লালমাটিয়া কার্যালয়ে পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভায় দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেপির মহাসচিব বলেন, ‘১৯৮৬ সালে জাতীয় ফ্রন্ট জাতীয় পার্টিতে রূপান্তরিত হয়। সেই সময় জাতীয় পার্টি উপজেলা পদ্ধতির প্রবর্তনসহ দেশের ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন ও নারী শিক্ষার প্রসার ঘটায়। আর জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে এ দেশে নতুন ধারার রাজনীতি প্রবর্তন ঘটে। হরতাল- নৈরাজ্যসহ দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের বিরুদ্বে অবস্থান নেয় জেপি।’
জেপি জনগণের কল্যাণে রাজনীতি করে উল্লেখ করে তিনি বলেন, ‘জেপি-মর্যাদাবান জাতি গঠন, দুর্নীতি ও জঙ্গিবাদমুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করবে।’
এ সময় তিনি আগামী ১০ জানুয়ারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের সমাবেশে সকল নেতা-কর্মীদের অংশ গ্রহণের জন্য আহবান জানান।
আলোচনা সভায় জেপির অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী বলেন, ‘আনোয়ার হোসেন মঞ্জুর বলিষ্ট নেতৃত্বে জেপি আজ শক্তিশালী একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। ২৯ বছর ধরে দলটি সামাজিকভাবে প্রতিষ্ঠা লাভ করেছে। মুক্তিযুদ্বের স্বপক্ষের দল হিসাবে সর্বমহলের স্বীকৃতি নিয়ে জেপি এগিয়ে যাচ্ছে।’ তিনি প্রতিটি জেলা ও উপ-জেলা পর্যায়ে কমিটি গঠন করে দলকে আরো গতিশীল করার দৃড় প্রত্যয় ব্যক্ত করেন।
জেপির সহসভাপতি শেখ জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহসভাপতি মোহাম্মদ হোসেন রেনু, হারুণ অর রশীদ, প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, যুগ্ম-সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম প্রধান, যুব-সংহতির সভাপতি এম এ কাইয়ুম ও ছাত্র বিষয়ক সম্পাদক এড. এনামুল হক।
