‘রাজনীতি থেকেও মাইনাস হতে পারেন খালেদা জিয়া’

আপডেট : ০১ জানুয়ারি ২০১৫, ১৭:৫০
 
 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘আপনি এখন বলছেন আলোচনা চান। তাহলে কেন আপনাকে আহ্বানের পরেও আলোচনায় রাজি হলেন না? কেন জ্বালাও পোড়াও চালিয়ে মানুষ হত্যা করলেন? আগে দেশে জনগণের কাছে সেই জবাব দিন।’
 
বৃহস্পতিবার দুপুরে মতিঝিলের বলাকা চত্ত্বরে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত ‘গণতন্ত্র ও সংবিধান রক্ষা দিবস’ শীর্ষক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘নির্বাচনে অংশ না নিয়ে বেগম খালেদা জিয়া জাতীয় সংসদ থেকে মাইনাস হয়েছেন। এখন আরেকটি ভুল সিদ্ধান্তের কারণে এবং আপনার ও ছেলের বক্তব্যের কারণে রাজনীতি থেকেও মাইনাস হতে পারেন।’