এপ্রিল থেকে আইপিও আবেদন ব্যাংকে নয়

আপডেট : ০১ জানুয়ারি ২০১৫, ১৭:৫৯
 
আগামী এপ্রিল মাস থেকে আর ব্যাংকের মাধ্যমে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন জমা দেওয়া যাবে না। শুধু ডিপি তথা ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে এ আবেদন জমা দিতে হবে। বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সিদ্ধান্ত নিয়েছে।
বর্তমানে নির্ধারিত ব্যাংক ও ডিপির যে কোনো এক জায়গায় আইপিওর আবেদন ও টাকা জমা দেওয়া যায়। বিএসইসি জানিয়েছে, বুধবারের কমিশন সভায় বিষয়টি চূড়ান্ত হয়েছ। সিদ্ধান্ত অনুযায়ী পাইলট প্রকল্পের মূল্যায়নের ভিত্তিতে এপ্রিলে আইপিও আবেদন জমার নতুন পদ্ধতি বাধ্যতামূলক করা হচ্ছে।
জানা গেছে, গত ২৮ অক্টোবর হামিদ ফেব্রিকসের আইপিওর মাধ্যমে নতুন প্রক্রিয়ার পাইলট প্রজেক্ট শুরু হয়। সব প্রক্রিয়া চূড়ান্ত হওয়ায় আগামী এপ্রিল মাস থেকে সিকিউরিটিজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে নতুন প্রক্রিয়ায় আইপিও আবেদন জমা নেওয়া হবে। নতুন পদ্ধতিতে পরীক্ষামূলক কর্মসূচি চালুর জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এ্যাসোসিয়েশন সহ (বিএমবিএ) সব স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করেই নিয়ন্ত্রক সংস্থা সিদ্ধান্ত নিয়েছে।