বই উত্সবের আজকের দিনে সরকার সারা দেশে ৩২ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার ৯২৩টি বই বিতরণ করছে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘দুনিয়ার ইতিহাসে এ ঘটনা বিরল। বিশ্বের অনেক ধনী দেশও বিনামূল্যে বই দিতে পারেনি। কিন্তু বাংলাদেশ পেরেছে।’
আজ বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল সরকারি বালক বিদ্যালয় মাঠে নতুন বছরের পাঠ্যপুস্তক উত্সবে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘দারিদ্রের কারণে বই কিনতে পারতো না বলে দরিদ্র সন্তানরা স্কুলে আসতে পারতো না। কিন্তু শেখ হাসিনার সরকারের যুগান্তকারী সিদ্ধান্তের কারণে আজ দেশের প্রায় শতভাগ শিশু স্কুলে যাচ্ছে। সরকারের এই দূরদর্শিতার কারণেই বিগত ৬ বছরে শিক্ষার্থীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। ঝরে পড়ার হারও কমে এসেছে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘২০১০ সালে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মোট শিক্ষার্থী ছিল ২ কোটি ৭৬ লাখ ৬২ হাজার ৫২৯ জন। আর এখন শিক্ষার্থীর সংখ্যা ৪ কোটি ৪৪ লাখ ৫২ হাজার ৩৭৪ জন। এতেই প্রতীয়মান হয় শেখ হাসিনার সরকারের দূরদর্শিতার কারণে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে, ঝরে পড়ার হার কমে এসেছে।’
