বিদ্যমান ভোটার তালিকায় যোগ হলো ৪৬ লাখ ৭২ হাজার ১৭৬ জন

‘ভোটার হতে আবেদন করা যাবে ১৭ জানুয়ারি পর্যন্ত’

আপডেট : ০১ জানুয়ারি ২০১৫, ১৯:১৫



ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, হালনাগাদ কার্যক্রম শেষ হলেও আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত ভোটার হওয়ার আবেদন করতে পারবেন বাদ পড়ারা।

বৃহস্পতিবার ইসির মিডিয়া সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে ইসি কার্যালয়ের সচিব সিরাজুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, ভোটারযোগ্যদের মধ্যে তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত হয়নি বা এখনও যারা ভোটার হননি তারা সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে আবেদন করে ভোটার হতে পারবেন। ২২ জানুয়ারির মধ্যে তারা অভিযোগ বা আবেদন নিষ্পত্তি করা হবে। এরপর ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

ইসি সচিব আরো জানান, গত ১৫ মে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়ে ১৫ নভেম্বরে শেষ হয়েছে। আগামীকাল শুক্রবার সকল জেলা, উপজেলা বা থানা নির্বাচন কার্যালয়, ইউনিয়ন পরিষদ, ক্যান্টনমেন্ট বোর্ড, সিটি করপোরেশন, পৌরসভায় একযোগে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। একই সঙ্গে খসড়া তালিকা ইসির নিজস্ব ওয়েবসাইটেও প্রকাশ করা হবে। তালিকার বিষয়ে যে কোনো নাগরিকের অভিযোগ বা আবেদন কমিশন গ্রহণ করে প্রতিকারের ব্যবস্থা করবে।

তিনি বলেন, সংশোধনকারী কর্মকর্তা হিসেবে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা ও থানা নির্বাচন কর্মকর্তা, জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিভিন্ন জেলায় নিয়োগ করা হয়েছে। তারা অভিযোগ বা আবেদন আগামী ২২ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবেন।

সিরাজুল ইসলাম জানান, এবার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে মোট ৪৬ লাখ ৭২ হাজার ১৭৬ জন নতুন ভোটার নিবন্ধন করেছেন। যা বিদ্যমান ভোটারের ৫ দশমিক ৮ শতাংশ। এদের মধ্যে পুরুষ রয়েছেন ২৬ লাখ ২৫ হাজার ৮০৬ জন ও নারী ২০ লাখ ৪৬ হাজার ৩৭০ জন। বর্তমানে দেশে ৯ কোটি ১৯ লাখ ৮০ হাজার ৫৩১ জন ভোটার রয়েছেন।

রোহিঙ্গা থাকলে ধরিয়ে দিন

দেশের সাধারণ মানুষ এবং রোহিঙ্গা প্রবণ এলাকাবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে ইসি সচিব বলেন, ভোটার তালিকায় কোনো বিদেশি নাগরিক বা রোহিঙ্গাদের নাম দেখা গেলে তাদের বিরুদ্ধে অভিযোগ জানান। আজ শুক্রবার খসড়া ভোটার তালিকা সারাদেশে উš§ুক্ত করে দেওয়া হবে। তালিকাগুলো  জেলা, উপজেলা বা থানা নির্বাচন কার্যালয়, ইউনিয়ন পরিষদ, ক্যান্টনমেন্ট বোর্ড, সিটি কর্পোরেশন, পৌরসভা কার্যালয়ে টানানো থাকবে। ইসি সূত্র জানিয়েছে, ২০০৮ সালের পর থেকে এ পর্যন্ত প্রায় ৭০ হাজার রোহিঙ্গাকে চিহ্নিত করা হয়েছে। এবার হালনাগাদ কার্যক্রমের সময় ৩৭৯ জন রোহিঙ্গা ভোটার তালিকাভুক্ত হয়েছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইসিতে তালিকা পাঠানো হয়েছিলো। এক্ষেত্রে কক্সবাজারের একজন স্থানীয় এমপি তাদেরকে সহযোগিতা করেছেন। এ এমপি ও সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত চলছে।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসির যুগ্ম সচিব জেসমিন টুলী, জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান।