পেট্রোবাংলার পরিচালক ও জিটিসিএলের এমডিকে দুদকে তলব

আপডেট : ০১ জানুয়ারি ২০১৫, ১৮:৩০
 
পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুরের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি অনুসন্ধানে পেট্রোবাংলার পরিচালক জামিল এ আলীম চৌধুরী ও কর্ণফুলী গ্যাস ট্রান্সমিশন কোম্পানির (জিটিসিএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সানোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
সম্প্রতি দুদক থেকে তাদের কাছে জিজ্ঞাসাবাদের পৃথক দুটি নোটিশ পাঠানো হয়েছে। দুদকের উপ-পরিচালক ঋত্বিক সাহা এ নোটিশ করেছেন। নোটিশে আগামী ৭ জানুয়ারি দুদকের জিজ্ঞাসাবাদে তাদের হাজির থাকতে বলা হয়েছে।
 
দুদক সূত্র জানায়, চলতি বছরের ৯ মার্চ পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর সিন্ডিকেটের নেতৃত্বে সংস্থার অধীন ১৩টি কোম্পানিতে লোক নিয়োগের দুর্নীতি অনুসন্ধান শুরু করে দুদক। অভিযোগ অনুসন্ধানে দু’বার কর্মকর্তা পরিবর্তন করে তৃতীয়বার অনুসন্ধান দল গঠন করে কমিশন। এর আগে কমিশনের এক অনুসন্ধানকারী কর্মকর্তা হোসেন মনসুরের বিরুদ্ধে মামলার সুপারিশ করলেও কমিশন তা অনুমোদন দেয়নি।