আলজাজিরার ৩ সাংবাদিকের পুনর্বিচারের আদেশ

আপডেট : ০১ জানুয়ারি ২০১৫, ১৯:৪৯
 
মিসরে জেলে বন্দী আলজাজিরার তিন সাংবাদিকের মামলায় পুনর্বিচারের নির্দেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। দেশটির এক প্রতিরক্ষা আইনজীবী বৃহস্পতিবার এ কথা জানান। খবর আলজাজিরার।
প্রতিরক্ষা এ্যাটর্নি মোস্তফা নাগি জানান, ওই তিন সাংবাদিকের জামিন আবেদন নামঞ্জুর করলেও মামলাটি পুনর্বিচারের নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের নতুন বেঞ্চ তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
দেশটির আরেক প্রতিরক্ষা আইনজীবী নেগাদ আল-বারৈ জানিয়েছেন, এ রায়ের ফলে আদালত ইচ্ছা করলে যে কোনো সময় ওই সাংবাদিকদের জামিন দিতে পারেন।
মিসর সরকারের পক্ষ থেকে এ রায়ের ব্যাপারে এখনও কোনো মন্তব্য করা হয়নি।
মুসলিম ব্রাদারহুডের পক্ষে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে আলজাজিরার তিন সাংবাদিক পিটার গ্রেস্ট, মোহাম্মদ ফাহমি ও বাহের মোহাম্মদকে এক বছরেরও বেশি সময় ধরে জেলে আটকে রেখেছে মিসর সরকার।