জামায়াত নেতা আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

আপডেট : ০১ জানুয়ারি ২০১৫, ২০:২৫
 
একাত্তরে সংগঠিত মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালের দেয়া রায়ের বিরুদ্ধে হরতাল ডাকা এবং রায় নিয়ে বিরূপ মন্তব্য করায় জামায়াতে ইসলামী ও শিবিরের পাঁচ নেতা এবং আসামিপক্ষের এক আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করা হয়েছে। 
বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে এই অভিযোগ দাখিল করে।
এ বিষয়ে প্রসিকিউটর রানা দাসগুপ্ত সাংবাদিকদের বলেন, ট্রাইব্যুনালের রায় নিয়ে হরতাল ডাকা ও বিরূপ মন্তব্য আদালত অবমাননার শামিল। 
হরতাল ডাকার জন্য জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, নায়েবে আমীর মুজিবুর রহমান, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ড. শফিকুর রহমান, ছাত্র শিবির সভাপতি আব্দুল জব্বার ও সেক্রেটারি আতিকুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়েছে। এছাড়া গত ৩০ ডিসেম্বর জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় নিয়ে বিরূপ মন্তব্যের জন্য আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলামের বিরুদ্ধেও পদক্ষেপ নেয়ার আবেদন করা হয়েছে। আবেদন দাখিলের সময় প্রসিকিউটর জেয়াদ আল মালুম, সুলতান মাহমুদ সিমন, ব্যারিস্টার তুরিন আফরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।