৫ জানুয়ারি ঢাকায় বিএনপির জনসভা নিয়ে পুলিশ টালবাহানা করছে অভিযোগ করে দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অনুমতি না পেলেও তারা জনসভা করার সিদ্ধান্তে অটল। অন্যদিকে শেষ মুহূর্তে অনুমতি দেওয়ায় অভিযোগ তুলে শুক্রবার ঢাকায় সমাবেশ করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ছাত্রদল।
রাজধানীর নয়াপল্টনের কার্যালয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে রিজভী বলেন, 'এক ব্যক্তির স্বার্থ চরিতার্থ করতে ৫ জানুয়ারি সরকার তামাশার নির্বাচন করে গণতন্ত্রকে কবরস্থ করেছে। এখন তারা বলছে, ৫ জানুয়ারি ওই তামাশার নির্বাচনের বর্ষপূর্তি উদযাপন করবে। আমরা গণতন্ত্র হত্যার ওই দিনটিতে ঢাকায় জনসভার অনুমতি চেয়ে পুলিশের কাছে ইতোমধ্যেই আবেদন করেছি। আমাদের নেতারা আজ মহানগর পুলিশ দপ্তরে গিয়েছিলেন। পুলিশ বলেছে-জনসভার অনুমতি দেবে না। আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, ৫ জানুয়ারি আমাদের কর্মসূচি করতেই হবে।'
দলের প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল জনসভার বিষয়ে কথা বলতে গতকাল বিকালে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে যান। কমিশনারকে না পেয়ে তারা সহকারী কমিশনারের সঙ্গে কথা বলেন। পরে ফারুক সাংবাদিকদের বলেন, 'নতুন পুলিশ কমিশনার গোপালগঞ্জ গেছেন। তিনি এলে এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে।'
