ধানমন্ডিতে নতুন ভিসা কেন্দ্রের উদ্বোধন

আপডেট : ০১ জানুয়ারি ২০১৫, ২১:৫৭
 
বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে আরো একটি ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) উদ্বোধন করেছে ভারতীয় হাইকমিশন।
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে এই ভিসাকেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী। এ সময় হাইকমিশনের ভিসা অপারেশন অফিসার নিরেশ গুপ্তা, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার বাংলাদেশ প্রধান পিনাক চক্রবতীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ভিসাকেন্দ্রের উদ্বোধনের পর সন্দীপ চক্রবর্তী সাংবাদিকদের বলেন, বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা দেয়ার জন্য কোনো প্রতিনিধি নেই। অনলাইনে আবেদন করলে সিরিয়াল অনুযায়ী ভিসা দেয়া হয়। এজন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করলে তার জন্য ভারতীয় হাইকমিশন দায়ী নয়। এদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দের পরামর্শ দেন তিনি। উদ্বোধন শেষে ভিসাকেন্দ্রের বিভিন্ন কাউন্টার ঘুরে দেখেন ভারপ্রাপ্ত হাইকমিশনার। ধানমন্ডি ছাড়াও বর্তমানে ঢাকার গুলশান, মতিঝিল, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহীতে আইভিএসি’র সুবিধা রয়েছে।