সশস্ত্র বাহিনীরও বেতন বৃদ্ধির সুপারিশ

আপডেট : ০২ জানুয়ারি ২০১৫, ০০:৫২

জাতীয় বেতন ও চাকরি কমিশনের সুপারিশের সঙ্গে সমন্বয় রেখে সশস্ত্র বাহিনীরও বেতন বৃদ্ধির সুপারিশ করেছে সশস্ত্র বাহিনী বেতন কমিটি। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে সশস্ত্র বাহিনীর বেতন বৃদ্ধির সুপারিশ প্রতিবেদন জমা দেন কমিটির চেয়ারম্যান লে. জেনারেল আনোয়ার হোসেন।

প্রস্তাবিত সুপারিশে ১৬টি গ্রেড রাখা হয়েছে। এতে সর্বোচ্চ পদে থাকা চার তারকা জেনারেলের বেতন বৃদ্ধি করে এক লাখ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। অন্যদিকে সর্বনিম্ন বেতন হিসেবে এনসিদের (বেসামরিক কর্মচারী) বেতন সুপারিশ করা হয়েছে ৮ হাজার ২০০ টাকা।
সুপারিশ প্রতিবেদন প্রদানকালে লে. জেনারেল আনোয়ার হোসেন বলেন, ২০১৪ সালের ২৭ জানুয়ারি সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০১৩ গঠন করা হয়। ৮ সদস্যবিশিষ্ট এ কমিটিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম-সচিবসহ তিন বাহিনীর ৭ জন প্রতিনিধি ছিলেন।
তিনি বলেন, সুপারিশ প্রণয়নকালে সশস্ত্র বাহিনীর সকল স্তরের সদস্যদের মতামত গ্রহণ করা হয়েছে। এছাড়া জাতীয় বেতন ও চাকরি কমিশনের সঙ্গেও কমিটি একাধিকবার বৈঠক করেছে এবং তাদের মতামত নিয়েছে। হিসাবের সুবিধার্থে জুনিয়র কমিশনড অফিসার ও নন-কমিশনড অফিসারদের বেতন স্কেল ‘ভার্টিকেল (উলম্ব) স্কেলে’ প্রণয়ন করা হয়েছে। মেজর জেনারেল থেকে সেকেন্ড লেফটেন্যান্ট পর্যন্ত সকল পদবীর বেতন জাতীয় বেতন স্কেলের সুনির্দিষ্ট গ্রেডের ধারাবাহিকতার সঙ্গে সমন্বয় করা হয়েছে। এছাড়া ‘আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসেস ১৯৫২’ অনুযায়ী এফএনএস কর্মকর্তাদের বেতন অন্য কর্মকর্তাদের মতো একই গ্রেডে নির্ধারণ এবং সশস্ত্র বাহিনীর বিশেষ প্রশিক্ষিত কোর্স যেমন সেনাবাহিনীর কমান্ডো, প্যারা কমান্ডো, প্যারা ট্রুপস, স্নাইপারদের জন্য বিশেষ ভাতার সুপারিশ করা হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে যাতে সেনা সদস্যরা কাজ করতে আগ্রহী হয়, সে জন্য সারাদেশে সমান বাড়ি ভাড়া প্রদানের সুপারিশ করা হয়েছে।

সশস্ত্র বাহিনী বেতন কমিটির প্রতিবেদন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এ প্রতিবেদনটি আমি এখনো দেখি নাই। সুতরাং এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়। তবে জাতীয় বেতন ও চাকরি কমিশনের সুপারিশের সঙ্গে এর সমন্বয় দেখতে চাই। আর প্রতিটি সুপারিশেই কিছু না কিছু নতুন বিষয় থাকে। প্রসঙ্গক্রমে তিনি বলেন, সম্প্রতি জাতীয় বেতন কমিশনের সুপারিশ নিয়ে পত্র-পত্রিকায় লেখালেখি হচ্ছে, এটা ভাল। এতে করে সমাজের যে অংশ অবহেলিত ছিল, তাদের কথাগুলো উঠে এসেছে।