বর্তমানে রাম দা পার্টির আতংকে ভুগছেন সাতক্ষীরা শহরবাসী। প্রতিরাতেই শহরের কোন না কোন বাড়িতে হানা দিচ্ছে রাম দাসহ নানা দেশীয় অস্ত্রে সজ্জিত ডাকাত দল। শহরের কাটিয়া সরকারপাড়ায় ইংরেজি নববর্ষের প্রথম প্রহরেই ৫ বাড়িতে ডাকাতির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে ৪টি বাড়িতে ঢুকতে ব্যর্থ হলেও একটি বাড়ি থেকে নগদ ১০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে তারা। এভাবে গত ১৫ দিনে শহরের কমপক্ষে ১০ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডাকাতি প্রতিরোধে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।
জানা গেছে, একই রাতে সরকারপাড়ার অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদা, সঞ্জয় সরকার, আশরাফুল হক ও শিক্ষক অমল কুমার রাহার বাড়িতেও ডাকাতরা হানা দেয়। তারা তালা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে। তবে পরিবারের লোকজনের চিত্কার-চেঁচামেচিতে সুবিধা করতে না পেরে ফিরে আসতে বাধ্য হয়। স্থানীয় একজন শিক্ষক বলেন, পুলিশ সুপারের কার্যালয়ের অদূরেই একের পর এক ডাকাতির ঘটনা ঘটছে। পুলিশের এই রহস্যজনক নীরবতায় এলাকাবাসী আতঙ্কে রয়েছেন। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বলেন, ডাকাতি বা দস্যুতার ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
