‘৫ জানুয়ারি বিএনপি রাজপথে থাকবে'

আপডেট : ০২ জানুয়ারি ২০১৫, ১৩:৩৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, “অনুমতি দিক বা না দিক ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিএনপি রাজপথে থাকবে। আমাদের যা করণীয় তাই করব।” শুক্রবার সকালে ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন।
নতুন নির্বাচনের লক্ষ্যে খালেদা জিয়ার দেয়া সাত দফা প্রস্তাব প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের জবাবে তিনি বলেন “আওয়ামী লীগ সাত দফা প্রত্যাখ্যান করলে তাতে আমাদের কিছু যায় আসে না। এতে আশ্চর্যের কিছু নেই। কারণ আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে না। তারা একনায়কতন্ত্রে বিশ্বাসী, তারা খুনির দল, লুটেরার দল।”
এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন,শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।