টুইটারে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বছরের প্রথম দিনে শুভেচ্ছাবার্তা দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে ফেসবুকে রয়েছেন। ছবি, লেখা সব কিছু নিজেই পোস্ট করেন। এবার টুইটারেও ব্যক্তিগত অ্যাকাউন্ট @MamataOfficial খুললেন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রথম টুইটটিতে লিখেছেন, "আ নিউ ইয়ার। আ নিউ বিগিনিং ফর মি অন টুইটার।"
এদিকে, টুইটারে যোগ দেয়ার পর প্রথম তিন ঘণ্টায় ফলোয়ারের সংখ্যা ১৯০০ ছাড়িয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও দু'টি টুইটার অ্যাকাউন্ট রয়েছে যা ২০১১ সালে খোলা হয়েছে। কিন্তু তা মূলত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চালানো হয়। এ ছাড়া তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট তো রয়েছে। নববর্ষের শুভেচ্ছা ছাড়াও তিনি জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের ১৬ বছর পূর্ণ হল। প্রসঙ্গত, ১৯৯৮ সালের পয়লা জানুয়ারি তৃণমূলের জন্ম হয়েছিল কংগ্রেস ভেঙে।
