পাকিস্তান থকে ভারতের দিকে আসা একটি বিস্ফোরক ভর্তি নৌকা বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণে নৌকার সব আরোহীর মৃত্যু হয়েছে। এর আগে ভারতীয় উপকূলরক্ষীরা নৌকাটিকে ভারতের দিকে অগ্রসর হতে বাধা দেয়। বাধা দেয়ার এক পর্যায়ে নৌকাটিতে বিস্ফোরণ ঘটে বলে ভারতীয় কোস্ট গার্ডের বরাত দিয়ে খবরে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
ভারতীয় উপকূলরক্ষীদের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের দিক থেকে ২৬/১১ এর মুম্বাই হামলার স্টাইলে আবারো হামলা হতে পারে এমন গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে সমুদ্রে টহল জোরদার করেছিলেন তারা। বিস্ফোরকবাহী একটি নৌকা ভারতের দিকে অগ্রসর হচ্ছে এমন খবরে তারা ঐ নৌকাটির পিছু নিয়ে থামার নির্দেশ দেয়। কিন্তু নৌকাটি নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টার এক পর্যায়ে বিস্ফোরণ ঘটে ডুবে যায়।
উল্লেখ্য যে, ২০০৮ সালে ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ে ১০ জন অস্ত্রধারী পাকিস্তানী একটি নৌকাযোগে কমান্ডো স্টাইলে সমুদ্র থেকে তীরে উঠে এসে ভয়াবহ হামলা চালায়। তাদের ওই হামলায় ১৬৬ জন নিহত হয়েছিল।
