জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে ‘পাষন্ড রাজাকার’ বলে আখ্যায়িত করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুক্রবার বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, খালেদা জিয়া নাকি প্রতিহিংসার ফল ভোগ করছেন। চরম মিথ্যাবাদী এরশাদ এমন কথা বলার ধৃষ্টতা দেখিয়েছেন। তিনি বলেন, সরকার একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার করছে। অথচ একাত্তরে যেসব বাঙালী সেনা অফিসার পাকিস্তান থেকে পালিয়ে আসার সময় ধরা পড়তেন, তাদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল- তার প্রধান ছিলেন এই এরশাদ।
রিজভী অভিযোগ করেন, এরশাদ গণতান্ত্রিকভাবে নির্বাচিত তত্কালীন রাষ্ট্রপতি বিচারপতি সাত্তারের কাছ থেকে বন্দুকের জোরে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন। তারপর সেনবাহিনীতে থাকা বহু মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মঞ্জুর হত্যার মদদদাতাও ছিলেন এরশাদ।
রিজভী আহমেদ বলেন, সেই এরশাদ আজ স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে নিয়ে কথা বলছেন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, যারা জিয়াউর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে কথা বলবে তারাই আওয়ামী লীগের বন্ধু হয়ে যাবে। সে যদি টিক্কা খানও হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির স্বনিভর্র বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
