বিদ্যুতের দাম বাড়াতে গণশুনানির আয়োজন

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৫, ০০:৩৫

চলতি মাসেই বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাবে গণশুনানির আয়োজন করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিদ্যুত্ উত্পাদন, সঞ্চালন, বিতরণ সকল পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হবে। আগামী ২০ জানুয়ারি কমিশন কার্যালয়ে এ গণশুনানি শুরু হবে। এরপর বিইআরসি শুনানিসহ সব প্রক্রিয়া শেষ করে নতুন দাম নির্ধারণ করবে। জানুয়ারি থেকেই নতুন দাম কার্যকরের প্রস্তাব করেছে বিদ্যুত্ বিতরণ কোম্পানিগুলো। 

বিইআরসি সূত্র জানিয়েছে, শুনানির পর বিচার-বিশ্লেষণ করে বিদ্যুতের দাম নির্ধারণ করা হবে। মূল্যবৃদ্ধির যে প্রস্তাব পাওয়া গেছে সে অনুযায়ী দাম নির্ধারণ করা হবে না। সূত্র জানায়, গত অক্টোবরে বিদ্যুত্ উত্পাদন ও বিতরণ কোম্পানিগুলো পাইকারি ও খুচরা পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাব করলেও কোম্পানিগুলোর আবেদনে তথ্যের ঘাটতি থাকায় গণশুনানি আয়োজনে দেরি হয়েছে।  তবে এখন ২০ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত টানা শুনানি অনুষ্ঠিত হবে।
বিদ্যুত্ উন্নয়ন বোর্ড (পিডিবি) পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৮ দশমিক ১২ শতাংশ বাড়িয়ে প্রতি ইউনিট ৫ টাকা ৫১ পয়সা করার প্রস্তাব দেয়। বর্তমানে পিডিবির পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৭০ পয়সা। তবে পিডিবি সূত্র জানিয়েছে, চলতি অর্থবছরে তাদের প্রতি ইউনিট বিদ্যুত্ উত্পাদনে ব্যয় হবে ৬ টাকা ৫৪ পয়সা। এছাড়া পিডিবি তাদের গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ২২ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে। অন্যদিকে গড়ে ৭১ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। পিজিসিবির প্রতি ইউনিটের বর্তমান দাম ৩৩ কেভিতে ২২ টাকা ৯১ পয়সা ও ১৩২ কেভিতে ২২ টাকা ৬৮ পয়সা। আগামী ২১ জানুয়ারি তাদের প্রস্তাবের উপর শুনানি হবে।
ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন (ওজোপাডিকো) ও  ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে যথাক্রমে সাড়ে ১৮ শতাংশ ও ১৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে। বিতরণ কোম্পানি দুটির প্রস্তাবের উপর শুনানি হবে আগামী ২২ জানুয়ারি। এছাড়া পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) সাড়ে ১৫ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করেছে। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) প্রস্তাব করেছে ১৪ দশমিক ৭৫ শতাংশ দাম বাড়ানোর। আগামী ২৫ জানুয়ারি তাদের প্রস্তাবের উপর শুনানি অনুষ্ঠিত হবে।

তবে এবারও অল্প বিদ্যুত্ ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা থাকছে। ৩০ ইউনিটের কম ব্যবহারকারীদের কোনো কোনো কোম্পানি দাম বাড়ানোরই প্রস্তাব করেনি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উত্তম সেবা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে কোম্পানিগুলো। এই প্রতিশ্রুতি বাস্তবায়নে নেয়া হয়েছে বিভিন্ন পরিকল্পনা। সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে যে অর্থের প্রয়োজন তা এখনই গ্রাহকদের কাছ থেকে নেয়া হবে। বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মতামত থাকলে তা আগামী ১৫ জানুয়ারির মধ্যে বিইআরসি কার্যালয়ে জানাতে বলা হয়েছে।