গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বমৌচাক এলাকার সরকারি বনের ভেতর থেকে শনিবার সকালে মঞ্জিলা আক্তার (২২) নামে এক গার্মেন্ট কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। মঞ্জিলা সিরাজগঞ্জ জেলার শাহাদাতপুর থানার খারসেদ বাড়িয়া গ্রামের মো. গোলাম হোসেনের কন্যা।
নিহতের বড় বোন তাসলিমার অভিযোগ, মঞ্জিলাকে ধর্ষণের পর হত্যা করে মেহগনি গাছের ডালের সাথে লাশ ঝুঁলিয়ে রাখা হয়েছে।
তাসলিমা জানান, তারা দুই বোন মঞ্জিলা আক্তার (২২) ও তাসলিমা আক্তার (২০) উপজেলার যুগিরচালা গ্রামের মো. আব্দুর রহিমের বাড়িতে ভাড়া থেকে পার্শ্ববতী ‘রহমত টেক্সটাইল’ গার্মেন্টসে চাকুরি করে আসছিলেন। গত শুক্রবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে মঞ্জিলা ঘরের বাইরে যায়। দীর্ঘ সময় পার হলেও ঘরে না আসায় ফিরলে বোন তাসলিমা আশপাশের বিভিন্ন বাসায় মঞ্জিলাকে খোঁজাখুঁজি করে কোন খোঁজ পায়নি। শনিবার স্থানীয় কয়েক কিশোরের তথ্যমতে বোন মঞ্জিলার লাশের সন্ধান পান তাসলিমা। এ ঘটনায় মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মৌচাক ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
