বিমান দুর্ঘটনায় বেঁচে গেল শিশু

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৫, ১২:৫২
 
 
যুক্তরাষ্ট্রের কেনটাকির একটি বনভূমি অঞ্চলে ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হওয়ার পরও বেঁচে গিয়েছে সাত বছর বয়সী এক মেয়েশিশু। শিশুটি নিজেই একটি বাসায় গিয়ে এই দুর্ঘটনার কথা জানিয়েছে। তবে বিমানের থাকা বাকি চারজন মারা গেছেন। শনিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বড় ধরণের কোনো আঘাত ছাড়াই শিশুটিকে হাসপাতালে নেয়া হয়েছে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের বরাত দিয়ে এপি জানিয়েছে, পিপার পিএ-৩৪ বিমানের পাইলট ট্রাফিক কন্ট্রোলকে ইঞ্জিনের সমস্যার কথা জানানোর পর বিমানটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আধা ঘণ্টা পর লায়ন কাউন্টির একজন বাসিন্দা পুলিশকে ফোনে জানায়, একটি শিশু তার বাড়িতে এসে বিমান বিধ্বস্ত হওয়ার কথা জানিয়েছে।
কেনটাকি রাজ্যের সার্জেন্ট ডিন প্যাটারসন এপিকে জানিয়েছে, ‘ধ্বংসাবশেষ থেকে শিশুটি বেরিয়ে এসে কাছের একটি বাসিন্দার বাড়িতে গিয়ে বিমান দুর্ঘটনার কথা জানায়। দুর্ঘটনার পর শিশুটির বেঁচে থাকা সত্যিই অলৌকিক। তবে চারজন মারা যাওয়া ততটাই দুঃখজনক।’
তিনি আরো জানান, বিমানটি ফোরিডা থেকে ইলিনোইসে যাত্রা করার সময় একটি বনাঞ্চলে বিধ্বস্ত হয়। 
বিমানে থাকা যাত্রীদের সাথে ঐ শিশুটির সম্পর্ক জানা যায়নি।