রাজধানীতে সমাবেশের অনুমতি নিতে গিয়ে শনিবার ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সাক্ষাৎ পায়নি বিএনপি। অনুমতি না পেলেও সমাবেশ করবে বলে জানিয়েছে দলটি।
সকালে সমাবেশের অনুমতি নেয়ার জন্য তিন সদস্যের একটি প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে যায়। প্রতিনিধি দলে ছিলেন-বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, দলের প্রচার সম্পাদক জয়নুল আবেদিন ফারুক ও সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি।
কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সাক্ষাৎ না পাওয়ার পর জয়নুল আবদিন ফারুক সাংবাদিকদের বলেন, পুলিশ কর্মকর্তারা ইজতেমার কাজে ব্যস্ত থাকায় সাক্ষাৎ দিতে পারছেন না বলে জানানো হয়েছে। অনুমতি না পেলেও আগামী ৫ জানুয়ারি বিএনপি সমাবেশ করবে। তবে আমরা আশা করি সরকার অনুমতি দেবে।
গত ২২ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী, শাপলা চত্বর এবং নয়া পল্টনের যেকোনো একটি স্থানে মহাসমাবেশ করতে ডিএমপির কাছে লিখিত আবেদন করে বিএনপি।
