আগামী ৫ জানুয়ারি রাজধানীর ১৬টি স্থানে সমাবেশের ঘোষণা দিয়ে বিএনপিকে রাজপথে নামার ন্যুনতম চেষ্টা না করার জন্য হুঁশিয়ার করে দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। ক্ষমতাসীন এ জোটের নেতারা বলেছেন, নির্বাচনের বছর পূর্তির দিন পাঁচ জানুয়ারি রাজধানীসহ সারাদেশে গণতন্ত্রের বিজয় উত্সব পালন করবে ১৪ দল। এদিন রাজপথ থাকবে আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দখলে। স্বাধীনতাবিরোধী ও তাদের দোসরদের এদিন রাজপথে ঠাঁই হবে না।
শনিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ১৪ দলের বর্ধিত সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবসের কর্মসূচি সফল করতে এ সভার আয়োজন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর জাসদের আহ্বায়ক মীর হোসেন আক্তার, সম্যবাদী দলের নেতা হারুন চৌধুরীসহ মহানগর ১৪ দলের শীর্ষ নেতৃবৃন্দ।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ৫ জানুয়ারি স্বাধীনতাবিরোধী ও তাদের দোসরদের মাঠে নামতে দেওয়া হবে না। মাঠ থাকবে আওয়ামী আমাদের দখলে। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, দয়া করে ৫ জানুয়ারি মাঠে নামার চেষ্টা করবেন না। সংঘাতের পরিস্থিতি তৈরি করবেন না। ওই দিন কোনো ধরনের সংঘাত সৃষ্টি হলে এর দায় বিএনপিকে নিতে হবে। তবে কোনো নাশকতা করার চেষ্টা করলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নিবে। সম্প্রতি খালেদা জিয়ার সাংবাদিক সম্মেলনে দেয়া বক্তব্যের সমালোচনা করে কামরুল ইসলাম বলেন, ওই দিন খালেদা জিয়া যে ভাষায় কথা বলেছেন, প্রকৃত পক্ষে তিনি এরকম নরম সুরে কথা বলেন না। তার এ বক্তব্য একটা আইওয়াস ছাড়া কিছুই নয়।
