‘বিশ্বনবীর (সা.) শিক্ষা অনুসরণেই বিশ্ব শান্তি নিশ্চিত হতে পারে’

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৫, ১৮:৪৮
 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তাঁর দৃঢ়বিশ্বাস, মহানবী (সা.)-এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে প্রতিটি জনগোষ্ঠীর অফুরন্ত কল্যাণ ও সফলতা। আজকের অশান্ত ও দ্বন্দ্ব-সংঘাতমুখর বিশ্বে প্রিয়নবী (সা.)-এর অনুপম শিক্ষা অনুসরণের মাধ্যমেই বিশ্বের শান্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে।’
 
ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শনিবার এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও ওফাতের পবিত্র স্মৃতি-বিজড়িত ১২ রবিউল আউয়াল উপলক্ষে মুসলিম উম্মাহর প্রতিটি সদস্য ও দেশবাসীকে জানান আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
 
মহান আল্লাহ আমাদের প্রিয়নবী (সা.)-কে এ পৃথিবীতে প্রেরণ করেছেন ‘রাহমাতুল্লিল আলামিন’ তথা সারাজাহানের জন্য রহমত হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, পাপাচার, অত্যাচার, মিথ্যা, কুসংস্কার ও সংঘাত জর্জরিত পৃথিবীতে তিনি মানবতার মুক্তিদাতা ও ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। অন্ধকার যুগের সকল আঁঁধার দূর করে সত্যের আলো জ্বালিয়েছেন। তিনি (বিশ্বনবী) বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, ন্যায় ও সমতাভিত্তিক সমাজ গঠন এবং মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করে বিশ্বে শান্তির সুবাতাস বইয়ে দিয়েছিলেন।
প্রধানমন্ত্রী এই পবিত্র দিনে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ তথা বিশ্ববাসীর শান্তি ও কল্যাণ কামনা করেন।