আওয়ামী লীগের প্রবীন নেতা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি এখন নিস্ক্রীয়। রাজধানীসহ সারাদেশে তাদের কোন কর্মসূচি পালিত হয় না।
শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
আগাম জাতীয় সংসদ নির্বাচন এবং এ নিয়ে আপাতত সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়ে তোফায়েল আহমেদ বলেন, সংলাপ হবে নির্বাচনের আগে। সেদিক থেকে ২০১৯ সালের জানুয়ারিতে যে নির্বাচন হবে, তার ৯০ দিন আগে সংলাপ নিয়ে ভাবা যেতে পারে। বিএনপিকে আপাতত ধৈর্য ধারণ করার পরামর্শ দেন তিনি। মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, মধ্যবর্তী নির্বাচনের আমি কোনো সম্ভাবনা দেখি না। এমন কোনো কারণ ঘটেনি যে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে। তিনি বলেন,
ছাত্রলীগকে একটি পবিত্র সংগঠন হিসেবে আখ্যায়িত করে বাণিজ্যমন্ত্রী বলেন, ছাত্রলীগের যারা নেতৃত্ব দেন তাদের একটা দিকে নজর দেওয়া প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানে যদি নির্বাচিতরা ছাত্র প্রতিনিধিত্ব করত তাহলে ছাত্র অঙ্গন এই কলঙ্কযুক্ত হতো না। তিনি বলেন, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন হওয়া দরকার। নির্বাচিত ছাত্র প্রতিনিধি থাকলে শিক্ষাঙ্গনে কোন সমস্যা থাকবে না।
তোফায়েল আহমেদ বলেন, অতীতের সকল আন্দোলনে ছাত্ররা ভূমিকা রেখেছে। আমি নিজেও ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম। ছাত্রলীগের প্রতিষ্ঠা হয়েছে আওয়ামী লীগেরও আগে। ছাত্রলীগ আওয়ামী লীগের অগ্রবাহিনী।
ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন সঞ্চালনায় দায়িত্ব পালন করেন।
