প্রায় ৬ মাসেও গঠিত হয়নি নুর হোসেনের মামলার চার্জশিট। ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের বারাসাত জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মধুমিতা রায় তাই শনিবার ক্ষোভে ফেটে পড়লেন। মামলা পাঠিয়ে দিলেন জেলা জজ কোর্টে ডিস্ট্রিক্ট জজের এজলাসে। সেখানেই ১৩ জানুয়ারি অনুপ্রবেশের অভিযোগে ভারতে ধৃত নারায়ণগঞ্জের নুর হোসেনের মামলার শুনানি হবে। নূরকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে কোনো নির্দেশ দেয়নি আদালত।
এদিন দমদম জেল থেকে নুর হোসেনকে বারাসাত আদালতে আনা হয়। বিকালে তোলা হয় মধুমিতা রায়ের এজলাসে। বিচারক চার্জশিট চান। বিধাননগর কমিশনারেটের তরফে বলা হয় চার্জশিট তৈরি হয়নি। সময় লাগবে। বিচারক জানতে চান নুর ধরা পড়েছেন গত বছর জুনের ১৪ তারিখে। সাড়ে ৫ মাস পরও কেন তা তৈরি হয়নি? উত্তর দিতে পারে নি পুলিস। এরপরই বিচারক মামলাটি জজ কোর্টে পাঠান।
উল্লেখ্য, কলকাতার উপকণ্ঠে বাগুইহাটির কৈখালির ইন্দ্রপ্রস্থ এপার্টমেন্ট থেকে গত ১৪ জুন গ্রেপ্তার হন নারায়ণগঞ্জের ৭ খুনের আসামি নুর হোসেন এবং তার ২ সঙ্গী। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ, অস্ত্র আইন এবং জুয়া খেলার অভিযোগে মামলা আনা হয়। ওই ফ্ল্যাটেই একদা থাকত সুব্রত বাইন। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকেই পশ্চিমবঙ্গের পুলিস নূরকে চার্জশিট দেয়া নিয়ে গড়িমসি করে আসছে।
