পে-স্কেলে দাবিতে শিক্ষকদের ৩ দিনের কর্মসূচি

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৫, ১৯:৪১
 
আসন্ন পে-স্কেলে দাবিতে ৩ দিনের কর্মসূচি দিয়েছে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ।
শনিবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে শিক্ষক নেতৃবৃন্দ এ কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা দাবি জানিয়ে বলেন, পূর্বের ন্যায় বেসরকারি শিক্ষক কর্মচারীদের স্বয়ংক্রিয়ভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে একযোগে আসন্ন পে-স্কেলে অন্তভুর্ক্তি করতে হবে।
সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়, বর্তমান শিক্ষা বান্ধব শেখ হাসিনা সরকারের ভাবমুর্তিকে ক্ষুন্ন করার জন্য বেসরকারি শিক্ষকদের পে-স্কেল প্রদান ৬ মাস পর থেকে কার্যকর করার সুপারিশ করা হয়। এ প্রস্তাব দেশের এমপিওভুক্তি ৫ লাখ শিক্ষক কর্মচারীকে ব্যথিত করে।
শিক্ষক নেতৃবৃন্দ বলেন,  শেখ হাসিনা সরকারই ৯৭ সালে স্বয়ক্রিয়ভাবে বেসরকারি শিক্ষক কর্মচারীদের জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তি করেছিল। নেতৃবৃন্দ এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে উল্লেখিত দাবী পুরনের লক্ষ্যে ১৯ জানুয়ারি সারাদেশে প্রতিটি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এবং ২২ জানুয়ারি সারাদেশে প্রতিটি জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান ও ১৪ ফেব্রুয়ারী ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানব বন্ধন কর্মসূচী ঘোষনা করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আবু বকর সিদ্দিক।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নুর মোহাম্মদ তালুকদার ও বেসরকারী কারিগিরি শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু। এ সময় উপস্থিত ছিলেন মোঃ আবুল কাশেম, অধ্যক্ষ মোখছেদুর রহমান, প্রফেসর আজিজুর রহমান, অধ্যক্ষ সলিমউল্লাহ, কাওসার আহমেদ, মিজানুর রহমান, মনি হাওলাদার প্রমুখ।