বিধ্বস্ত বিমান থেকে বেরিয়ে এলো সাত বছরের মেয়ে

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৫, ০০:৪২

দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে বিমান। ভেতরে মরে পড়ে রয়েছে বাবা-মা। এমন পরিস্থিতিতে কেউ বেঁচে থাকলেও মানসিক শক্তি হারিয়ে ফেলাটাই স্বাভাবিক। তবে সাত বছরের এক কন্যা শিশু আহত অবস্থায় একক প্রচেষ্টায় বিধ্বস্ত বিমান থেকে কোনরকমে বের হয়েই ছুঁটে যায় নিকটস্থ একটি বাড়িতে। সব ঘটনা খুলে বলে ল্যারি উইলকিনস নামের এক ব্যক্তির কাছে। এর পর পুলিশ এসে উদ্ধার করে বিমানের ভেতরে থাকা ৪ জনের লাশ। স্থানীয় সময় শুক্রবার রাতে ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের কেন্টাকি বনাঞ্চলে। খবর বিবিসির।

লিয়ন কাউন্টির বাসিন্দা ল্যারি উইলকিনস এনবিসি টেলিভিশনের কাছে বলেন, শুক্রবার রাতে খালি পায়ে হেঁটে আসা একটি বাচ্চা মেয়ে তাদের বিমানটি বিধ্বস্ত হওয়ার কথা বলে। মেয়েটি বেশ আঘাতপ্রাপ্ত ছিলো। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে বিধ্বস্ত বিমান থেকে চার জনের লাশ উদ্ধার করে। তবে শিশুটির পরিচয় প্রকাশ করেনি পুলিশ। কেন্টাকি পুলিশের পক্ষ থেকে বলা হয়, দুর্ঘটনায় মার্টি গুটসলার(৪৯), কিম্বারলি গুটসলার(৪৫), তাদের ৯ বছরের মেয়ে পিপার গুটসলার এবং তাদের আত্মীয় সিয়েরা ওয়ালডার(১৪) নিহত হয়। কেন্টাকি পুলিশের সার্জেন্ট ডিন পিটারসেন বলেন, দুর্ঘটনায় সবাই মারা গেলেও আলৌকিকভাবে বেঁচে গেছে শিশুটি। গুরুতর আহত না হলেও শিশুটিকে হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। বিমানটি ফ্লোরিডায় যাওয়ার পথে ঐ বনাঞ্চলে দুর্ঘটনার শিকার হয়।