নিজের মাঠে ভালো অবস্থায় দক্ষিণ আফ্রিকা

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৫, ০২:১৯

টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ভালো অবস্থানে আছে দক্ষিণ আফ্রিকা। ৩ উইকেটে ২২৭ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা।

এর আগে প্রথম ইনিংসে ৩২৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। এখনও ১০২ রানে পিছিয়ে আছে হাশিম আমলার দল।

বৃষ্টির কারণে শনিবার ৭৮.২ ওভারের বেশি খেলা হয়নি।

কেপটাউনের নিউল্যান্ডসে দ্বিতীয় দিন সকালে ৬ উইকেটে ২৭৬ রান নিয়ে খেলতে নেমে বেশিক্ষণ ব্যাট করতে পারেনি অতিথিরা। ডেল স্টেইন ও মর্নে মরকেলের দাপটে ৯.৫ ওভারে দলীয় স্কোরে ৫৩ রান যোগ করতে বাকি ৪ উইকেট উইকেট হারায় তারা। ২টি করে উইকেট নেন স্বাগতিকদের এই দুই পেসার।
আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান জারমেইন ব্ল্যাকউড এ দিন ১১ রানের বেশি করতে পারেননি; দলীয় সর্বোচ্চ ৫৬ রান করেন তিনি। তার ১১৩ বলের ইনিংসটি ৬টি চার সমৃদ্ধ।

দক্ষিণ আফ্রিকার সেরা বোলার ডেল স্টেইন ৭৮ রানে মোট ৪ উইকেট নেন।

জবাবে ডিন এলগার মাত্র ৮ রান করলেও আলভিরো পিটারসেনের দৃঢ়তায় উদ্বোধনী জুটিতে ৪৮ রান করে দক্ষিণ আফ্রিকা।

পিটারসেন ৪২ আর ফাফ দু প্লেসি ৬৮ রান করেন।

নিয়মিত বিরতিতে স্বাগতিকরা আরও দুটি উইকেট হারালেও অধিনায়ক আমলা ও এবি ডি ভিলিয়ার্স ৭০ রানের জুটি গড়ে দিনের শেষটা নিজেদের করে নেন।

আমলা ৫৫ এবং ডি ভিলিয়ার্স ৩২ রানে অপরাজিত আছেন।

তিন টেস্টের সিরিজের দুই ম্যাচ শেষে ১-০এ এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টে ইনিংস ও ২২০ রানে জিতেছিল তারা। আর দ্বিতীয় টেস্টটি ড্র হয়।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ৩২৯ (ব্রেথওয়েইট ৭, স্মিথ ৪৭, জনসন ৫৪, স্যামুয়েলস ৪৩, চন্দরপল ৯, ব্ল্যাকউড ৫৬, রামদিন ৫৩, হোল্ডার ২৩, টেইলর ১৩, বেন ৫, গ্যাব্রিয়েল ৪*; স্টেইন ৪/৭৮, হ্যারমার ৩/৭১, মরকেল ২/৮৩, ফান জিল ১/১৩)

দক্ষিণ আফ্রিকা: ২২৭/৩ (পিটারসেন ৪২, এলগার ৮, দু প্লেসি ৬৮, আমলা ৫৫*, ডি ভিলিয়ার্স ৩২*; হোল্ডার ১/৪৬, বেন ১/৬২)
(বিডিনিউজ)