অবরুদ্ধ খালেদা জিয়া

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৫, ১২:৫৮
 
শনিবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার গুলশান কার্যালয় থেকে বের হতে গিয়ে বাধার সম্মুখীন। রাত পৌনে ১২টায় কার্যালয় থেকে বের হয়ে গাড়িতে ওঠেন তিনি। তবে গাড়ি স্টার্ট নিলেও গাড়ি যেতে বাধা দেয় পুলিশ। এরপর তিনি প্রায় ১৫ মিনিট গাড়িতে বসে থেকে ফের কার্যালয়ে প্রবেশ করেন। তার সঙ্গে সেলিমা রহমানসহ কয়েকজন নেত্রী ছিলেন।
এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। 
এদিকে খালেদা জিয়ার বাসভবনের সামনেও বালুর ট্রাকের আদলে পুলিশের দুটি পিকাপ ভ্যান রাখা হয়েছে। সেখানেও অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। 
সন্ধ্যা ছয়টা থেকে চৌদ্দটি পুলিশের গাড়ি দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ের গেটে ঘিরে রাখে পুলিশ। 
রাত ১ টায় এই রিপোর্ট লেখার সময় বেগম জিয়া তার গুলশানের অফিসেই ছিলেন।
তবে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘অন্যকিছু ভাবার কিছু নেই। নগরীর নিরাপত্তার কারণেই খালেদা জিয়ার কার্যালয়ের সামনে দিয়ে পুলিশ টহল দিতে পারে। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, খালেদা জিয়া তার গুলশানের কার্যালয় থেকে সরাসরি বাসা ছাড়া অন্য কোথাও যেতে পারবেন না। অন্যকোথাও গেলে পুলিশি বাধার সম্মুখীন হতে হবে। এমনকি অন্যকোথাও যাওয়ার সুযোগও দেবে না পুলিশ।
উল্লেখ্য, গত বছরের ২৯ ডিসেম্বর ‘মার্চ ফর ডেমোক্রেসির’ নামে ঢাকা অভিমুখে লংমার্চের ডাক দিলে খালেদা জিয়াকে তার বাসভবনে অবরুদ্ধ করে রাখা হয়।