রাজধানী ঢাকার সাথে অন্যান্য জেলার বাস ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। ইত্তেফাকের প্রতিনিধি ও ব্যুরো অফিসের পাঠানো খবর।
পটুয়াখালী প্রতিনিধি জানান, রবিবার সকাল থেকে পটুয়াখালী-ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে ঢাকার উদ্দেশ্যে কোন যাত্রীবাস ছেড়ে না যাওয়ায় যাত্রীরা দুর্ভোগে পরেছে। কি কারণে ঢাকার উদ্দেশে বাস ছেড়ে যাচ্ছে না এ ব্যাপারে বাসের লোকজন কিছু বলতে পারছে না।
পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ মৃধা জানান, ঢাকাতে ৫ জানুয়ারি বিএনপির সমাবেশ আহবানকে কেন্দ্র করে বাস ও যাত্রীদের নিরাপত্তাজনিত কারণে ঢাকার উদ্দেশে বাস ছেড়ে যাচ্ছে না। তবে জেলার অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল করছে।
ময়মনসিংহ প্রতিনিধি জানান, সকাল থেকে ময়মনসিংহ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। জেলার বাস মালিক সমিতির সভাপতি মমতাজউদ্দিন মমতা জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে ঢাকার উদ্দেশে বাস ছেড়ে যাচ্ছে না। তবে অভ্যন্তরীণ সকল রুটে বাস চলছে।
সিলেট অফিস জানায়, সকাল থেকে সিলেট -ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বাস মালিক সমিতি জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে ঢাকার উদ্দেশে বাস যাচ্ছে না।
রাজশাহী অফিস জানায়, সকাল ৮ টার পর থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ হয়ে গেছে। স্থানীয় শ্রমিক ইউনিয়ন বলছে, বাস এবং বাসের কর্মচারীদের নিরাপত্তার খাতিরে রবিবার সকাল থেকে ঢাকাগামী বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।
রংপুর প্রতিনিধি জানান, শনিবার রাত থেকে রাজধানীগামী বাস চলাচল বন্ধ রয়েছে। রংপুর জেলা মোটর মালিক সমিতির যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজু বলেন, বাংলাদেশ মোটর মালিক ফেডারেশনের নির্দেশে রংপুর থেকে ঢাকাগামী সকল বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, সকাল থেকে মুন্সীগঞ্জ থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ রয়েছে। বাস মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার কারণে আমরা যান চলাচল বন্ধ রেখেছি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বাস চলাচলে কোনো প্রকার বাধার সৃষ্টি করছে না।
