ভেস্তে গেল খালেদা জিয়ার পরিকল্পনা

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৫, ১৯:৪৫
 
 
 
ভেস্তে গেল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিকল্পনা। পরিকল্পনা ছিল; শনিবার রাতে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অসুস্থ দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে দেখতে যাবেন খালেদা জিয়া। পরে সেখানে অবস্থান করেই আন্দোলনের নির্দেশনা দেবেন তিনি। কিন্তু তথ্য ফাঁস হয়ে যাওয়ায় ভেস্তে যায় পরিকল্পনা। আটক হন রিজভী, অবরুদ্ধ হন খালেদা জিয়া।
 
বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, খালেদা জিয়া ৫ জানুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয়েই অবস্থান করবেন। চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে কার্যালয়ের দোতলায় ডান দিকে দলের চেয়ারপারসনের অফিস কক্ষটি সুসজ্জিতও করা হয়। নতুন টাইলস বসানো হয়। বেগম জিয়া রাতে যখন তার গুলশান কার্যালয়ে আসেন তখনও নিরাপত্তা ব্যবস্থা ছিল অন্য সব সময়ের মতোই। তবে পরিকল্পনার বাস্তবায়ন ঘটনোর আগেই অবরুদ্ধ হয়ে পড়েন খালেদা জিয়া।
 
এর আগে শনিবার দিবাগত রাত ১১টার দিকে গোয়ান্দা কর্মকর্তাদের কাছে পৌঁছায় তার এই পরিকল্পনার খবর। এই খবর নিশ্চিত হওয়ার পরই চিকিত্সার কথা বলে রিজভীকে নয়াপল্টন থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এ সময় খালেদা জিয়াও তার গুলশান কার্যালয় থেকে বের হতে চাইলে পুলিশ মূল ফটক আটকে রাখে। অবরুদ্ধ হয়ে পড়েন তিনি। এর এক ঘণ্টা পর রাত পৌনে একটার দিকে পুলিশের যে গাড়ি দিয়ে ফটকের সামনের রাস্তা আটকে রাখা ছিলে তা সরিয়ে নেয়া হয়।
 
পরে পুলিশের কর্মকর্তারা বলেন, উনি বাসায় যাওয়ার জন্য অলরেডি পারমিটেড। খালেদা জিয়া গুলশানের কার্যালয় থেকে সরাসরি বাসায় যেতে পারবেন। এতে কোনো বাধা নেই। তবে বাসা থেকে অন্য কোথাও যেতে পারবেন না। বাইরে যেতে চাইলে প্রয়োজনে পুলিশ বল প্রয়োগ করবে। আর যদি তিনি বাসায় যেতে না চান তাহলে কার্যালয়েই থাকতে হবে। এরপর পুলিশের ব্যারিকেড তুলে নেয়া হলেও রাত সেখানেই কাটান তিনি।
 
আজ রবিবার সকালে গুলশান অফিসে গিয়ে দেখা যায় সেখানে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছেন। আশপাশের সব প্রবেশ সড়ক বন্ধ করে দেয়া হয়েছে। খালেদা জিয়ার বাসভবনের সামনেও বালুর ট্রাকের আদলে পুলিশের দুটি পিকআপ ভ্যান রাখা হয়েছে। সেখানেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গুলশান কর্যালয় সূত্র জানায়, পুলিশ চাইছে খালেদা জিয়া যেন কার্যালয় থেকে বাসায় যান। সেখানে গেলেই তাকে গৃহবন্দী করা হবে। আর এ জন্যই আপাতত কার্যালয়ে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি চেয়ারপারসন।
 
জানা গেছে, রাত দেড়টায় খালেদা জিয়ার বাসভবন থেকে তার নিত্য ব্যবহার্য বিভিন্ন সামগ্রী কার্যালয়ে নিয়ে আসা হয়। সামগ্রীগুলো নিয়ে আসেন বাসভবনের একজন আয়া ও তিনজন নিরাপত্তাকর্মী। একটি কালো লাগেজ, একটি প্লাস্টিকের একটি ছোট ব্যাগ ও একটি শপিং ব্যাগে করে তার নিত্য ব্যবহার্য জিনিসপত্র কার্যালয়ের ভেতরে আনা হয়।
 
আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ
 

অবশেষে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ বেগম খালেদা জিয়া সব বাধা উপেক্ষা করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে দলীয় নেতাকর্মীদেরও নির্দেশ দিয়েছেন। তিনি  ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা’ দিবসের সমাবেশ যে কোনো মূল্যে সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।  বেগম জিয়ার এই  নির্দেশ সাংবাদিকদের কাছে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি শনিবার দিবাগত রাত সোয়া একটায় গুলশান কার্যালয়ের গেটে সাংবাদিকদের কাছে এ কথা জানান। তিনি বলেন, ‘বেগম জিয়া নেতা কর্মীদের সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে আসার নির্দেশ দিয়েছেন।’