পাকিস্তানে বিমান হামলায় ৩১ 'জঙ্গি' নিহত

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৫, ১৪:২৬



পাকিস্তানের গোলযোগপূর্ণ উত্তরপশ্চিমাঞ্চলে বিমান হামলায় অন্তত ৩১ 'জঙ্গি' নিহত হয়েছে।
উপজাতীয় খাইবার এলাকার তিরাহ্ উপত্যকায় এই হামলা চালানো হয়। এতে জঙ্গিদের ৪টি গোপন আস্তানা ধ্বংস হয়েছে।
পাকিস্তানের সামরিক বাহিনী অক্টোবর থেকে ঐ এলাকার তালেবান ও লস্কর-ই-ইসলাম জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।
সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘সামরিক বাহিনীর এ বিমান হামলায় জঙ্গিদের চারটি আস্তানা ও একটি আত্মঘাতী বোমা হামলার চালানো প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস হয়েছে। এতে কয়েকজন আত্মঘাতী বোমা হামলাকারীসহ ৩১ সন্ত্রাসী নিহত হয়েছে।’
ডিসেম্বরে পেশোয়ারের একটি স্কুলে জঙ্গিদের বর্বরোচিত হামলায় ১৩৩ শিশুসহ ১৪৯ জন নিহত হওয়ার পর থেকে পাকিস্তান সেনাবাহিনী উপজাতীয় এলাকাগুলোতে হামলা চালিয়ে আসছে।
স্কুলে জঙ্গিদের হত্যাযজ্ঞের পর পাকিস্তান সরকার ৭ জঙ্গির মৃত্যুদণ্ডদেশ কার্যকর করে।