বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করা হয়নি বরং নিরাপত্তা চেয়ে থানায় করা জিডির আলোকেই তার নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রবিবার দুপুরে তিনি এ দাবি করেছেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী শুনানির দিন বেগম জিয়ার ওপর হামলা হতে পারে এমন আশঙ্কা করে গত ৩১ ডিসেম্বর রাজধানীর চকবাজার থানায় একটি জিডি করেছিলেন খালেদার আইনজীবী প্যানেলের সদস্য মো. জাকির হোসেন ভূঁইয়া। জিডি প্রসঙ্গে ওইদিন আইনজীবী প্যানেলের আরেক সদস্য অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের বলেছিলেন, এই জিডিটি শুধু বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার জন্য নয়। এটি তার আইনজীবী ও নেতাকর্মীসহ সবার নিরাপত্তার স্বার্থে দায়ের করা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও ডিএমপি মুখপাত্র নিরাপত্তার কথা বললেও বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, চেয়ারপারসনকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। খালেদা জিয়াকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে বিএনপি অভিযোগ করলেও পুলিশ তা অস্বীকার করে বলেছে, নিরাপত্তা দিতেই গুলশানে ওই অফিসের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
৫ জানুয়ারি নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা তৈরি হলে শনিবার রাতে নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশি চালিয়ে তালা লাগিয়ে দেয় পুলিশ। ওই পরিস্থিতিতে খালেদা তার গুলশানের কার্যালয় থেকে নয়া পল্টনে যেতে চাইলে পুলিশ পথ আটকায়। ফলে তাকে অফিসেই রাত কাটাতে হয়।তার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস রাতেই সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি চেয়ারপারসনকে অবরুদ্ধ করে রেখেছে।
