ইন্দোনেশিয়ার জাভা সমুদ্রে সোমবার উদ্ধারকারী দল তাদের অভিযান আরো সম্প্রসারণ করেছে। খবর: এএফপির।
গত ২৮ ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে ১৬২ আরোহী নিয়ে এয়ার এশিয়ার ৮৫০১ বিমানটি বিধ্বস্ত হয়।
এখন পর্যন্ত ৩৪ লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। বেশিরভাগ লাশ বিমানের মূল অংশে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গত সপ্তাহ জুড়ে খারাপ আবহাওয়ার কারণে বার বার অভিযান বাধাগ্রস্ত হয়েছে। কিন্তু সোমবার আবহাওয়া পরিস্থিতির উন্নতি ঘটায় উদ্ধারকারী দল তাদের তৎপরতা আরো জোরদারের আশা করছে।
তল্লাশি ও উদ্ধারকারী কর্মকর্তা এস বি সুপ্রিয়াদি বার্তা সংস্থা এএফপিকে বলেন, আজকের আবহাওয়া ভালো। ফলে আরওভিএসসহ(রিমোটলি অপারেটেড আন্ডারওয়াটার ভেহিকেলস) অন্যান্য যন্ত্র পুনরায় উদ্ধারকাজে ব্যবহার করা হবে।
তিনি বলেন, খারাপ আবহাওয়ার কারণে গতকালের দৃশ্যমানতা ছিল খুবই খারাপ। কিন্তু আজ বিধ্বস্ত বিমানের সকল অংশই খুঁজে পাওয়া সম্ভব হতে পারে।
এদিকে উদ্ধারকারী দল দুর্ঘটনার কারণে জানতে বিমানটির ব্ল্যাক বক্স খুঁজে পাওয়ার চেষ্টা করে যাচ্ছে।
সুপ্রিয়াদি বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ কয়েকটি দেশের সমন্বয়ে পরিচালিত অভিযানটি সোমবার পূর্বদিকে সম্প্রসারণ করা হচ্ছে। কারণ ধারণা করা হচ্ছে প্রবল জোয়ারের কারণে বিমানটির ধংসাবশেষ ঐদিকে আটকা পড়তে পারে।
