বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, জাতীয় পার্টিকে একটি প্রকৃত বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা আমাদের মন্ত্রীদের মন্ত্রিসভা থেকে প্রত্যাহার করার কথা বলেছি। এ বিষয়ে পার্টির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা চলছে। অচিরেই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।
সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রওশন এরশাদ বলেন, তবে দেশে এখনই মধ্যবর্তী নির্বাচনের মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি।
দশম জাতীয় নির্বাচনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ক্ষমতাসীন আওয়ামী লীগ দিনটি উদযাপন করছে ‘সংবিধান ও গণতন্ত্র রক্ষা দিবস হিসাবে’। অন্যদিকে ভোট বর্জন করা বিএনপি শরিকদের নিয়ে দিনটি পালন করছে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসাবে।
রওশন বলেন, দশম সংসদ নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেছে।
এক প্রশ্নে রওশন বলেন, জনগণ নির্বাচনের দাবিতে তো মাঠে নামছে না, সোচ্চার হচ্ছে না। জনগণ শান্তি চায়, স্থিতিশীলতা চায়। জানমালের ক্ষতি হোক এমন কোনো রাজনৈতিক কর্মসূচি তারা চায় না।
