আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, দেশের গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুরো জাতি ঐক্যবদ্ধ রয়েছে।
তিনি আজ দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মূল ফটকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) উদ্যোগে ওয়েজবোর্ড বাস্তবায়ন ও জাতীয় প্রেসক্লাবের সদস্য পদের দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচির সাথে সংহতি প্রকাশকালে এ কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজের সভাপতি মুঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান, ডিইউজে’র সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আজিজুল ইসলাম ভূইয়া, বিএফইউজে’র কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, বিএফইউজের সাবেক কোষাধ্যক্ষ মো. আতাউর রহমান ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
হানিফ বলেন, বিএনপি-জামায়াত গত জাতীয় সংসদ নির্বাচন বানচালের নামে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে। তাদের জাতীয় নির্বাচনে আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে সংলাপের আহবান জানিয়েছিলেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপের আহবান প্রত্যাখান করে সহিংসতার পথ বেছে নিয়েছিলেন। আবার এখন তিনি একই পথ অনুসরণ করছেন।
হানিফ বলেন, দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে কোন অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ। সেজন্য বিএনপি-জামায়াত আজকের তাদের কর্মসূচিতে সাড়া পায়নি।
তিনি বলেন, বিএনপি স্বাধীনতার পক্ষের শক্তি হলে কখনও জামায়াতের সাথে জোটবদ্ধ হয়ে রাজনীতি করতো না এবং যুদ্ধাপরাধের বিচারকে বাধাগ্রস্ত করতো না।
